ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ‘সুচিকিৎসায় কোনো আপস নয়’
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
৯২ মিনিটে হাকপোর গোল, জার্মানির বিপক্ষে হার এড়াল নেদারল্যান্ডস

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ‘সুচিকিৎসায় কোনো আপস নয়’
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ওয়াসিম আকরাম, ‘সুচিকিৎসায় কোনো আপস নয়’
কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা উচিত নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।
‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসিম বলেন, ইমরান তাঁর বন্ধু ও মেন্টর। রাজনৈতিক মতপার্থক্যকে এক পাশে রেখে বন্ধুর স্বাস্থ্য নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকেই কথা বলছেন তিনি।
ওয়াসিম বলেন, ‘তিনি আমার বন্ধু। আমি তাকে অনেক মিস করি। তার সঙ্গে তিন বছর কথা হয়নি। রাজনৈতিকভাবে তার সঙ্গে যা ঘটছে, তা খুবই দুর্ভাগ্যজনক। আদালতের আইন আদালতের আইন। কিন্তু তার স্বাস্থ্যের ব্যাপারে কোনো আপস করা যায় না।’
ইমরান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাঁকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তাঁর দল এসব অভিযোগ অস্বীকার করে আসছে।
২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন ইমরান। ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে প্রবেশ করেন তিনি।
ইমরানের চিকিৎসা নিয়ে বাড়ছে উদ্বেগ
সাম্প্রতিক সময়ে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তাঁর যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২২ জন সাবেক অধিনায়ক। চিঠিতে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়।
ইমরানের স্বাস্থ্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয় পাকিস্তানের সুপ্রিম কোর্টের একটি নির্দেশের পর। আদালত তাঁকে ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিয়েছিল। তবে পরে তাঁকে সরকারি হাসপাতাল পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (পিআইএমএস) নেওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে অল্প সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
ওয়াসিম বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে পাকিস্তানের বাইরে জনমত তৈরি হলেও দেশের ভেতরে পরিস্থিতি নিয়ে তিনি নিশ্চিত নন।
‘একজন মানুষ হিসেবে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে আমি হৃদয় থেকে কথা বলছি। তিনি দোষী সাব্যস্ত হন বা না হন, জেলে থাকুন বা না থাকুন—তার স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কী ঘটছে, আমরা জানি না। সরকার বলছে, তার স্বাস্থ্য ভালো। কিন্তু আমি উদ্বিগ্ন,’ বলেন ওয়াসিম।
ইমরানের ছেলেদের সাক্ষাৎকার নিয়েও আলোচনা
ইংল্যান্ড-পাকিস্তানের চলমান লর্ডস টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতিতে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলে সুলেইমান খান ও কাশিম খানের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। সেখানে তাঁরা বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, ওই সাক্ষাৎকার নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) স্কাই স্পোর্টসের কাছে অভিযোগ করেছিল। এমনকি প্রতিবাদ হিসেবে পাকিস্তান দল ম্যাচে না নামার বিষয়টিও বিবেচনা করেছিল বলে প্রতিবেদন আসে। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচটি যথারীতি অনুষ্ঠিত হয় এবং পাকিস্তান ১৯৪ রানে হারে।
ওই প্রসঙ্গ টেনে ওয়াসিম বলেন, পরে পাকিস্তান সরকার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে যোগাযোগের সংখ্যা উল্লেখ করে একটি বিবৃতি দেয়। তবে কোন তথ্যকে বিশ্বাস করা উচিত, সেটি বোঝা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ইমরানের সঙ্গে সম্পর্কের কথা স্মরণ ওয়াসিমের
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ইমরান খানের কাছ থেকে গুরুত্বপূর্ণ সহযোগিতা পেয়েছেন ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ককে তিনি প্রায়ই নিজের মেন্টর হিসেবে উল্লেখ করেন।
ওয়াসিম বলেন, অবসর নেওয়ার পরও তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি ইমরানের সঙ্গে সময় কাটাতে যেতেন এবং তাঁর সঙ্গে কথা বলাটা এখন ভীষণ মিস করেন।
১৯৯২ বিশ্বকাপে ইমরানের নেতৃত্বে পাকিস্তানের হয়ে খেলেছিলেন ওয়াসিম। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে ব্যাট হাতে ১৮ বলে ৩৩ রান করার পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সাম্প্রতিক সময়ে ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও এ বিষয়ে কথা বলেছেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারাও ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়ে তাঁকে ‘ক্রিকেটের একজন কিংবদন্তি’ হিসেবে উল্লেখ করেন এবং ন্যূনতম মানবিক আচরণ পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন।
এ ছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ, মঈন খান ও রমিজ রাজাও ইমরানের পক্ষে কথা বলেছেন।














