তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের হয়ে দেখা যেতে পারে মেসি–রোনালদোকে!
- 1
‘বিগ বস বাংলা ৩’: বিতর্কের শীর্ষে অভিনেত্রী নন্দিনী দত্ত
- 2
এক মুহূর্তেই শেষ মেসির বিদায়ী ম্যাচের টিকিট
- 3
র্যাঙ্কিংয়ের ব্যবধান মাঠেও, মালয়েশিয়ার কাছে ৩–০ গোলে হার বাংলাদেশের
- 4
বিশ্বকাপ ব্যর্থতার পর নতুন ব্রাজিলের পরীক্ষা আজ, অস্ট্রেলিয়ার মুখোমুখি আনচেলত্তির দল
- 5
হালান্ডের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে নরওয়ের নেশন্স লিগ জয়

তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের হয়ে দেখা যেতে পারে মেসি–রোনালদোকে!
তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের হয়ে দেখা যেতে পারে মেসি–রোনালদোকে!
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দ্বৈরথ লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। দেড় দশকেরও বেশি সময় ধরে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠ মাতিয়েছেন তাঁরা। এবার সেই দুই মহাতারকাকে একই দলের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আর্জেন্টিনার সাবেক তারকা কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচকে ঘিরেই এমন সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরায় তেভেজের সম্মানে একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন মেসি ও রোনালদোও। সবকিছু পরিকল্পনামতো এগোলে এই ম্যাচেই প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে নামতে পারেন ফুটবলের দুই মহাতারকা।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস খবরটি প্রকাশ করেছে। একই তথ্য জানিয়েছেন টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও।
তেভেজের জন্য ম্যাচটি হবে তাঁর বর্ণিল ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তির উপলক্ষ। প্রতিযোগিতামূলক ফুটবলে তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল ২০২১ সালে বোকা জুনিয়র্সের হয়ে। যদিও অবসরের ঘোষণা দেন পরের বছর, ২০২২ সালের জুনে। কিন্তু এত দিন আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ খেলা হয়নি ৪২ বছর বয়সী সাবেক এই ফরোয়ার্ডের। এবার সেই অপূর্ণতাই পূরণ করতে চান তিনি। এ আয়োজনের জন্য বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও মিলেছে বলে জানা গেছে।
খেলোয়াড়ি জীবন শেষ করার পর কোচিংয়েও পা রাখেন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও সর্বশেষ তায়ারেসের দায়িত্ব পালন করেছেন তিনি। বর্তমানে অবশ্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন।
মেসি–রোনালদো কেন?
তেভেজ তাঁর ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁদের সতীর্থ ছিলেন, তাঁদের মধ্য থেকে প্রায় ৬০ জনকে বিদায়ী ম্যাচে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন। সেই তালিকাতেই রয়েছেন মেসি ও রোনালদো।
মেসির সঙ্গে তেভেজ খেলেছেন আর্জেন্টিনা জাতীয় দলে। আর রোনালদোর সঙ্গে তাঁর সময় কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডে, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত। ফলে একই ম্যাচে দুই তারকার উপস্থিতি তেভেজের বিদায়ী আয়োজনকে দিতে পারে অনন্য মাত্রা।
তবে মেসি ও রোনালদো সত্যিই মাঠে নামতে পারবেন কি না, সেটি এখনো নিশ্চিত নয়। সে সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও সৌদি ক্লাব আল নাসরের খেলা থাকার সম্ভাবনা রয়েছে। ফলে দুজনের সূচি মেলানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তবু পরিকল্পনা সফল হলে ফুটবলপ্রেমীরা পেতে পারেন এক বিরল দৃশ্য—মেসি ও রোনালদো, প্রতিপক্ষ নয়; একই দলের সতীর্থ হিসেবে!












