কর্দোবায় রোমেরোর স্বপ্নের রাত, অধিনায়ক হয়ে করলেন গোলও
- 1
রাফিনিয়ার চোট নিয়ে স্বস্তির খবর, ম্যাচ শেষে যা জানালেন আনচেলত্তি
- 2
মেসিবিহীন নতুন যুগে ৪-০ গোলের জয়, আর্জেন্টিনার দুর্দান্ত শুরু
- 3
টি-টোয়েন্টি বোলিংয়ে ইতিহাস, শ্রী চারানির রেটিং এখন বিশ্বসেরা
- 4
২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিতে ভারত, শক্তিশালী বোলিং আক্রমণ সাজাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- 5
মাথা ঘুরিয়ে দেবে যে ১০ সাইকোলজিক্যাল থ্রিলার, একবার হলেও দেখুন

কর্দোবায় রোমেরোর স্বপ্নের রাত, অধিনায়ক হয়ে করলেন গোলও
কর্দোবায় রোমেরোর স্বপ্নের রাত, অধিনায়ক হয়ে করলেন গোলও
আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরোর জন্য রাতটা যেন স্বপ্নের মতোই ছিল। নিজের দেশের মাটিতে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিলেন, আর সেই ম্যাচেই করলেন দুর্দান্ত এক গোল। পরিবারের সদস্যদের সামনে এমন একটি রাত যে তাঁর জন্য বিশেষ হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।
বৃহস্পতিবার কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। দলের তৃতীয় গোলটি আসে রোমেরোর মাথা থেকে। নিকো পাজের দারুণ এক ফ্রি-কিক থেকে জোরালো হেডে বল জালে পাঠান আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার।
ম্যাচের আগে রোমেরোর মা রোসা নিজের ছেলের অধিনায়কত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরুর মুহূর্তে ছেলেকে জাতীয় দলের নেতৃত্ব দিতে দেখে গর্বিত ও আনন্দিত হওয়ার কথা জানান তিনি।
“খুবই গর্বের ও সৌভাগ্যের। জাতীয় দল নতুন ধাপে যে অভিযান শুরু করেছে, এর জন্য সে ও আর্জেন্টিনার সবার জন্য শুভকামনা। খুব খুশি। তার কঠোর পরিশ্রম, ত্যাগ, সহজাত দক্ষতা ও মানসিক দৃঢ়তা তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।”
রোমেরোর মামাও ম্যাচের আগে করেছিলেন মজার এক ভবিষ্যদ্বাণী। তাঁর ধারণা ছিল, রোমেরো হেডে গোল করবেন এবং আর্জেন্টিনা জিতবে ২-১ ব্যবধানে। ব্যবধান মেলেনি, কিন্তু হেডে গোল করার ভবিষ্যদ্বাণী ঠিকই মিলে যায়।
ম্যাচের পর রোমেরোর কণ্ঠেও ফুটে ওঠে বিশেষ একটি রাতের আবেগ। এক দশক আগে এই একই মাঠে বেলগ্রানোর হয়ে অভিষেক হয়েছিল তাঁর। এবার সেই মাঠেই জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরেছেন তিনি।
“এটা বিশেষ একটা দিন। ১০ বছর আগে এখানে বেলগ্রানোর হয়ে আমার অভিষেক হয়েছিল, আজ এখানে ফিরেছি অধিনায়ক হয়ে। আমাদের জাতীয় দলের শ্রেষ্ঠতম সময়ের অংশ হতে পারা অসাধারণ ব্যাপার। আমি কখনও এটা ভাবিনি। এটা অনেক বড় দায়িত্ব, তবে আমি নিজেকে তৈরি মনে করি।”
লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দি জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর পর রোমেরোকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নেন কোচ লিওনেল স্কালোনি। মেসি-ওতামেন্দির পর আর্জেন্টিনার তৃতীয় অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই সেন্টার-ব্যাক। তাঁর পরে অধিনায়কত্বের তালিকায় রয়েছেন এমিলিয়ানো মার্তিনেস ও লাউতারো মার্তিনেস।
স্থায়ী অধিনায়ক হিসেবে নিজের দেশের মাটিতে প্রথম ম্যাচেই নেতৃত্ব এবং গোল—রোমেরোর জন্য রাতটি তাই হয়ে থাকল স্মরণীয়।
স্কালোনির কাছেও রোমেরোর গুরুত্ব স্পষ্ট। আর্জেন্টিনা কোচ তাঁকে বিশ্বের অন্যতম সেরা সেন্টার-ব্যাক হিসেবে উল্লেখ করে বলেছেন, দলের নেতৃত্বের অংশ হিসেবেও এখন আরও এগিয়ে যেতে হবে তাঁকে।
“সে বিশ্বের সেরা সেন্টার-ব্যাকদের একজন। আমরা শারীরিক দিক থেকে তাকে যে অবস্থায় চাই, বিশ্বকাপে সেখানে শতভাগ ছিল না। তবে আমরা তাকে সবসময়ই মাঠে চাই। কখনও কখনও সে ক্লান্ত হয়ে পড়ে, এখানে তার উন্নতি করতে হবে।”
আর মেসিকে নিয়ে রোমেরোর বার্তাতেও ছিল আবেগ। নতুন অধ্যায় শুরু হলেও আর্জেন্টিনার সাবেক অধিনায়কের অবদান ভুলে যাওয়ার নয় বলে মনে করেন তিনি।
“এটা চলতে থাকবে। আমরা লিওকে মিস করব, আমাদের অধিনায়ক। তার মতো আর কেউ হবে না। তিনি আমাদের জন্য দারুণ ঐতিহ্য রেখে গেছেন। আর আর্জেন্টিনাকে চূড়ায় ফেরাতে আমাদের এগিয়ে যেতে হবে।”











