পেনাল্টি মিসের পর দেম্বেলের গোল, স্ত্রাসবুরকে হারাল পিএসজি

পেনাল্টি মিসের পর দেম্বেলের গোল, স্ত্রাসবুরকে হারাল পিএসজি
পেনাল্টি মিসের পর দেম্বেলের গোল, স্ত্রাসবুরকে হারাল পিএসজি
শুরুর একাদশে বড় পরিবর্তন এনে ঝুঁকি নিয়েছিলেন পিএসজি কোচ লুইস এনরিকে। তাতে ম্যাচের শেষ দিকে হারের শঙ্কাও জেগেছিল ফরাসি চ্যাম্পিয়নদের সামনে। তবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে স্ত্রাসবুরকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে গোল করেছেন উসমান দেম্বেলে। বাকি দুটি গোল করেন দেজিরে দুয়ে ও ইল্লিয়া জাবারনি।
লিগ আঁ-তে শনিবার স্ত্রাসবুরের মাঠে ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল পিএসজি। এরপর জাবারনির গোলে সমতায় ফেরে সফরকারীরা। ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে ১৬ গজ দূর থেকে নিচু শটে দলকে এগিয়ে দেন দেম্বেলে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দুয়ের গোলে নিশ্চিত হয় পিএসজির জয়।
এর আগে ৭২তম মিনিটে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিলেন দেম্বেলে। কিন্তু স্পট কিক বাইরে মেরে বসেন তিনি। সেই হতাশা কাটিয়ে চার মিনিট পরই দলের সমতাসূচক গোলে অবদান রাখেন গত বছরের ব্যালন ডি’অরজয়ী এই ফরোয়ার্ড। তাঁর ক্রস থেকে গোল করেন জাবারনি।
ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি পিএসজির। ১৭তম মিনিটে রেইনার শট প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ালে এগিয়ে যায় স্ত্রাসবুর। এরপর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল স্বাগতিকেরা। তবে পিএসজির গোলরক্ষক মাতভেই সাফানভ দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন।
চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে হারানো ম্যাচের একাদশ থেকে আটটি পরিবর্তন আনেন এনরিকে। দ্বিতীয়ার্ধে দেম্বেলে ও দুয়েসহ পাঁচজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে নামান পিএসজি কোচ। শেষ পর্যন্ত তাঁর এই কৌশলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখে।
এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল এনরিকের দল। লিগ আঁ-তে সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা।











