Image

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার বাইরে জনস্রোত, পরে জানা গেল আসল ঘটনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 ঘন্টা আগে
রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার বাইরে জনস্রোত, পরে জানা গেল আসল ঘটনা

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার বাইরে জনস্রোত, পরে জানা গেল আসল ঘটনা

রোনালদোর বিয়ের গুঞ্জনে গির্জার বাইরে জনস্রোত, পরে জানা গেল আসল ঘটনা

ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে যে কোনো খবরই মুহূর্তে ছড়িয়ে পড়ে। আর তাঁর বিয়ের খবর হলে তো কথাই নেই। পর্তুগিজ মহাতারকার বিয়ে দেখতে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। সম্প্রতি পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালে ঠিক এমনই এক কাণ্ড ঘটেছে। রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে হচ্ছে—এমন গুঞ্জনে গির্জার বাইরে জড়ো হয়েছিলেন অসংখ্য মানুষ। কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, সেখানে বিয়ে করতে এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন এক দম্পতি।

ইউরোপের কয়েকটি সংবাদমাধ্যমে রোনালদো ও জর্জিনার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর শনিবার স্থানীয় সময় বিকেলে ফুনশাল ক্যাথেড্রালের সামনে ভিড় করেন বহু পর্যটক, সাংবাদিক ও কৌতূহলী মানুষ। অনেকেই ক্যামেরা হাতে অপেক্ষা করছিলেন বরবেশে রোনালদোকে এক ঝলক দেখার আশায়।

তবে অপেক্ষার অবসান ঘটে ভিন্ন এক বাস্তবতায়। সেদিন ওই ক্যাথেড্রালে বিয়ে করেন নিকোল ও ফাবিও নামের এক দম্পতি। নিকোল গির্জায় প্রবেশের সময় রাস্তার দুই পাশে কৌতূহলী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করে।

নিকোল ও ফাবিওকে অভিনন্দন জানিয়ে ফুনশাল ক্যাথেড্রাল লিখেছে, রোনালদোকে ঘিরে তৈরি হওয়া গুঞ্জনের কারণে ক্যাথেড্রালের বাইরে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটকের সমাগম হয়েছিল। এমনকি ভিড়ের কারণে কনের গির্জায় প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছিল।

ঘটনাটি স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় নানা রসিকতা। এক অতিথি মজা করে বলেন, বিষয়টি তাঁর কাছে বেশ মজার লেগেছে—মানুষজন ভাবছেন রোনালদো বিয়ে করছেন, অথচ সেখানে কোনো বিশেষ নিরাপত্তাব্যবস্থাই নেই!

রোনালদো নিজেও বিষয়টি বেশ উপভোগ করেছেন। মাদেইরা জার্নালের ইনস্টাগ্রাম পোস্টে হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদো-জর্জিনার বিয়ে নিয়ে নতুন গুঞ্জন

রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ে নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ঘুরছে। সম্প্রতি তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র বলে দাবি করা একটি ছবিও ছড়িয়ে পড়ে। সেখানে বলা হয়েছিল, ১ আগস্ট পর্তুগালের সিন্ত্রা শহরের ঐতিহাসিক কিন্তা দা রেগালেইরা প্রাসাদে তাঁদের বিয়ের আয়োজন করা হবে। অতিথিদের কালো পোশাক পরে অনুষ্ঠানে আসতে বলা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে অল্প সময়ের মধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, ১ আগস্ট রোনালদো ও জর্জিনার বিয়ে হচ্ছে না। স্পেনের একাধিক সংবাদমাধ্যমও ওই দাবির সত্যতা নাকচ করে।

কারা থাকতে পারেন রোনালদোর বিয়েতে?

রোনালদো ও জর্জিনার বিয়ের তারিখ এখনো নিশ্চিত নয়। তবে সম্ভাব্য অতিথি তালিকা নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি তালিকায় সাবেক ইংলিশ তারকা রিও ফার্দিনান্দ, কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের নাম রয়েছে।

শুধু ফুটবল তারকারাই নন, বিনোদন জগতের তারকাদের নামও রয়েছে সেই তালিকায়। ভিন ডিজেল, রিহানা, জেনিফার লোপেজ, ড্রেক ও ট্র্যাভিস স্কটের মতো তারকাদের উপস্থিতির কথাও দাবি করা হয়েছে। আরেকটি প্রতিবেদনে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির নামও সম্ভাব্য অতিথিদের তালিকায় থাকার দাবি করা হয়েছে।

তবে বিয়ের তারিখ ও অতিথি তালিকা—দুটিই এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি রোনালদো বা জর্জিনা। ফলে আপাতত সবই গুঞ্জনের পর্যায়ে রয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three