ব্যাটিং কোচ হিসেবে মাইকেল স্মিথকে নিয়োগ দিল পাকিস্তান

ব্যাটিং কোচ হিসেবে মাইকেল স্মিথকে নিয়োগ দিল পাকিস্তান
ব্যাটিং কোচ হিসেবে মাইকেল স্মিথকে নিয়োগ দিল পাকিস্তান
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও অভিজ্ঞ কোচ মাইকেল স্মিথ। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
৪৬ বছর বয়সী স্মিথের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে পিসিবি। তিনি টেস্ট ও সীমিত ওভারের—উভয় সংস্করণেই পাকিস্তান দলের ব্যাটিং ইউনিটের সঙ্গে কাজ করবেন।
খেলোয়াড়ি জীবনে ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যে স্মিথ ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন।
কোচ হিসেবেও তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। পাকিস্তান সুপার লিগে তিনি ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের কোচিং সেটআপে কাজ করেছেন। চলতি মৌসুমে মালতান সুলতান্সের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
এ ছাড়া অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ার ব্যাটিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে স্মিথের। দক্ষিণ আফ্রিকার কেজেডএন ইনল্যান্ড ও ইস্টার্ন প্রভিন্সের কোচিং পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
আগামী ১৯ আগস্ট শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের আগে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করবেন মাইকেল স্মিথ।
বর্তমানে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ খেলছে এবং আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে।











