Image

চুসক উৎসবে দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে দেশি সিনেমার দাপট, শীর্ষে ‘দ্য অ্যাসাসিনস’ ও ‘তাজ্জা ৪’

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 ঘন্টা আগেআপডেট: 26 মিনিট আগে
চুসক উৎসবে দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে দেশি সিনেমার দাপট, শীর্ষে ‘দ্য অ্যাসাসিনস’ ও ‘তাজ্জা ৪’

চুসক উৎসবে দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে দেশি সিনেমার দাপট, শীর্ষে ‘দ্য অ্যাসাসিনস’ ও ‘তাজ্জা ৪’

চুসক উৎসবে দক্ষিণ কোরিয়ার বক্স অফিসে দেশি সিনেমার দাপট, শীর্ষে ‘দ্য অ্যাসাসিনস’ ও ‘তাজ্জা ৪’

দক্ষিণ কোরিয়ায় ঐতিহ্যবাহী চুসক উৎসবের ছুটিতে প্রেক্ষাগৃহগুলোতে লেগেছে দর্শকদের উপচে পড়া ভিড়। আর এই সুযোগে বক্স অফিসে অভাবনীয় সাফল্য কুড়িয়ে নিচ্ছে দেশটির দুটি স্থানীয় সিনেমা—হুর জিন-হোর রাজনৈতিক ক্রাইম-থ্রিলার ‘দ্য অ্যাসাসিনস’ এবং জনপ্রিয় জুয়া-কেন্দ্রিক ফ্র্যাঞ্চাইজির ছবি ‘তাজ্জা ৪: দ্য সং অব বিলজেবুব’। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের তিন দিনে কোরিয়ার বক্স অফিসে সিনেমা দুটি চমৎকার ব্যবসা করেছে।

কোরিয়ান ফিল্ম কাউন্সিলের ট্র্যাকিং সেবা 'কেওবিআইএস' (KOBIS)-এর তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে বক্স অফিসের শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে ‘দ্য অ্যাসাসিনস’। মাত্র তিন দিনে ১,৫৩২টি প্রেক্ষাগৃহ থেকে ৮ মিলিয়ন ডলার আয় করেছে সিনেমাটি, যা পুরো বাজারের প্রায় ৪০.৯ শতাংশ। এ সময়ে প্রায় ১১ লাখ ১৯ হাজার ১৫৬ জন দর্শক এটি উপভোগ করেছেন। গত ২৩ সেপ্টেম্বর মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১১.২ মিলিয়ন ডলার (প্রায় ১৩৭ কোটি ৮৭ লাখ টাকা) এবং মোট দর্শক সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে।

১৯৭৪ সালের রাজনৈতিক হত্যাচেষ্টার রহস্য খ্যাতিমান নির্মাতা হুর জিন-হো পরিচালিত ‘দ্য অ্যাসাসিনস’ সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে ১৯৭৪ সালের ১৫ আগস্টের এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে। সেদিন জাতীয় মুক্তি দিবসের অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পার্ক চুং-হির ওপর প্রাণঘাতী হামলা চালানো হয়, যাতে নিহত হন ফার্স্ট লেডি ইউক ইয়ং-সু। তবে সিনেমাটি কেবল ইতিহাসকে পর্দায় ফিরিয়ে আনেনি, বরং সরকারি তদন্তের পেছনের নানা অজানা প্রশ্নকে তুলে ধরেছে।

গল্পে একজন গোয়েন্দা (ইউ হে-জিন), সংবাদপত্রের অভিজ্ঞ সমাজবিষয়ক সম্পাদক (পার্ক হে-ইল) এবং একজন নবীন সাংবাদিকের (লি মিন-হো) সত্য অনুসন্ধানের লড়াই দেখা যায়। তদন্তে পাওয়া ব্যালিস্টিক প্রমাণ সরকারের দেওয়া ‘একক বন্দুকধারী’র ব্যাখ্যার সাথে না মেলায় তৈরি হয় তীব্র রাজনৈতিক রহস্য।

দ্বিতীয় স্থানে ‘তাজ্জা ৪’ বক্স অফিসের দ্বিতীয় স্থানটি দখলে রেখেছে চোই কুক-হি পরিচালিত ‘তাজ্জা ৪: দ্য সং অব বিলজেবুব’। ১,০৪৫টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়ে তিন দিনে এটি আয় করেছে ৪.১ মিলিয়ন ডলার (বাজারের ২১.৩ শতাংশ)। এর দর্শক সংখ্যা ছিল ৫ লাখ ৬৬ হাজার ৫২৬ জন। ২৩ সেপ্টেম্বর মুক্তির পর থেকে প্রিভিউ ও ছুটির দিনের দর্শক মিলিয়ে সিনেমাটি ইতোমধ্যে ৬.১ মিলিয়ন ডলার আয় করে নিয়েছে।

জনপ্রিয় কমিকস অবলম্বনে নির্মিত এই ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে অভিনয় করেছেন ব্যুন ইয়ো-হান, নো জে-ওন ও জাপানি অভিনেত্রী আয়াকা মিয়োশি।

আন্তর্জাতিক পোকার টেবিল ও প্রতিশোধের গল্প ‘তাজ্জা ৪’-এর মূল আকর্ষণ এর গতিশীল গল্প। প্রতারণার শিকার হওয়া এক সাবেক অনলাইন ক্যাসিনো অপারেটর প্রতিশোধ নিতে আন্তর্জাতিক পোকার সার্কিটে পা রাখে। সেখান থেকেই শুরু হয় বড় অঙ্কের জুয়া, চাল ও প্রতারণার খেলা। আগের পর্বগুলোর মতো মানুষের লোভ ও ঝুঁকি নেওয়ার মানসিকতা তুলে ধরার পাশাপাশি এবার গল্পের পরিসর স্থানীয় জুয়ার আড্ডা ছাড়িয়ে আন্তর্জাতিক পোকার টেবিলে ছড়িয়ে দেওয়া হয়েছে।

উৎসবের ছুটিতে প্রেক্ষাগৃহে প্রাণচাঞ্চল্য দক্ষিণ কোরিয়ায় চুসক অন্যতম বড় উৎসব, যেখানে পরিবার নিয়ে সময় কাটানো ও সিনেমা দেখার ধুম পড়ে যায়। দেশীয় দুই ভিন্ন ধাঁচের সিনেমা এই সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে। একদিকে ঐতিহাসিক সত্য সন্ধান ও রাজনীতির মারপ্যাঁচ নিয়ে তৈরি ‘দ্য অ্যাসাসিনস’, অন্যদিকে প্রতিষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি ও আন্তর্জাতিক জুয়ার রোমাঞ্চ নিয়ে ‘তাজ্জা ৪’—ভিন্ন স্বাদ নিয়ে দুটি সিনেমাই কোরিয়ান দর্শকদের মন জয় করে নিয়েছে।

(ভ্যারাইটি অবলম্বনে)

Details Bottom
Details ad One
Details Two
Details Three