লিমায় বিটিএসের তিন কনসার্টে ১ লাখ ৫১ হাজার দর্শক, জিমিনের জন্মদিনে ড্রোন শো
- 1
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, অ্যানফিল্ডে ৩ গোলে জিতল সিটি
- 2
অভিষেকের ঝড়ের পর ওয়েস্ট ইন্ডিজকে ১৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
- 3
সাদাকাত-ফারহানের ঝড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়
- 4
ট্রাবজোনস্পোরে সালাহর দুর্দান্ত শুরু, প্রথম সাত ম্যাচেই ১০ গোলে অবদান
- 5
অ্যানফিল্ডে সিটি সমর্থকেরা কলা দেখালেন কেন? জানুন ৪০ বছরের পুরোনো গল্প

লিমায় বিটিএসের তিন কনসার্টে ১ লাখ ৫১ হাজার দর্শক, জিমিনের জন্মদিনে ড্রোন শো
লিমায় বিটিএসের তিন কনসার্টে ১ লাখ ৫১ হাজার দর্শক, জিমিনের জন্মদিনে ড্রোন শো
পেরুর রাজধানী লিমায় প্রথমবারের মতো কনসার্ট করেছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। ‘অ্যারিরাং’ ট্যুরের অংশ হিসেবে ৭, ৯ ও ১০ অক্টোবর লিমার এস্তাদিও সান মার্কোস স্টেডিয়ামে তিনটি কনসার্টে অংশ নেয় দলটি। তিন দিনে মোট ১ লাখ ৫১ হাজার ৫০০ দর্শক উপস্থিত ছিলেন। ভক্তদের ব্যাপক চাহিদার কারণে প্রথমে পরিকল্পিত দুটি কনসার্টের সঙ্গে আরও একটি শো যোগ করে বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক। তিনটি কনসার্টের সব টিকিটও বিক্রি হয়ে যায়।
কনসার্টে প্রিয় ব্যান্ডের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছেন ভক্তরা। তাঁদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। সদস্যরা কয়েকবার স্প্যানিশ ভাষায় কথা বলে দর্শকদের সঙ্গে যোগাযোগ করেন। ভক্তদের উদ্দেশে ‘লস আমোস’ বলে ভালোবাসা জানান তাঁরা, যার অর্থ ‘আমি তোমাদের ভালোবাসি’। দর্শকদের উচ্ছ্বাস দেখে পেরুতে আরও আগে কেন আসেননি, সেই বিস্ময়ের কথাও জানান ব্যান্ডের সদস্যরা।
জিমিনের জন্মদিনে ভক্তদের বিশেষ আয়োজন
বিটিএস সদস্য জিমিনের জন্মদিন ১৩ অক্টোবর। লিমায় কনসার্ট চলাকালে তাঁকে ঘিরে বিশেষ আয়োজন করেন ভক্তরা। কনসার্টে আনুষ্ঠানিকভাবে জন্মদিন উদ্যাপনের ব্যবস্থা না থাকলেও শহরজুড়ে ছিল নানা উদ্যোগ।
জিমিনকে শুভেচ্ছা জানাতে ডিজিটাল বিলবোর্ড, সড়কের ব্যানার ও এলইডি পর্দাসংবলিত ট্রাকের ব্যবস্থা করেন ভক্তরা। আয়োজন করা হয় ড্রোন শোরও। রাতের আকাশে ড্রোনের আলোয় ফুটে ওঠে জিমিনের নাম, জন্মদিনের ছবি এবং একটি বার্তা—‘আমরা সব সময় তোমার পাশে থাকব।’
শনিবার ছিল লিমায় বিটিএসের শেষ কনসার্ট। বিদায়ী বক্তব্যের সময় ভক্তরা জিমিনের জন্য জন্মদিনের গান গেয়েছেন এবং তাঁর নাম ধরে স্লোগান দিয়েছেন।
ভক্তদের ভালোবাসায় আপ্লুত জিমিন বলেন, ‘তোমরা যেভাবে আমাদের স্বাগত জানিয়েছ এবং যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছ, তাতে আমি গভীরভাবে আপ্লুত। পৃথিবীর অন্য প্রান্ত থেকে তোমরা যে এত ভালোবাসা পাঠিয়ে আসছ, তা আমি সব সময় মনে রাখব।’
বিটিএসের কনসার্টে চাঙা হতে পারে অর্থনীতি
বিটিএসের কনসার্টকে কেন্দ্র করে লিমার পর্যটন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি আসার প্রত্যাশা করা হচ্ছে। কনসার্টের আগে পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল, অনুষ্ঠান উপলক্ষে ৫০ হাজারের বেশি দর্শনার্থী রাজধানীতে আসতে পারেন। তাঁদের ঘিরে পর্যটন খাতে প্রায় ১ কোটি ৮৭ লাখ ডলারের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে বলে ধারণা করা হয়েছিল।
লিমা চেম্বার অব কমার্সের হিসাব আরও বড়। তাদের ধারণা, হোটেল, খাবার, পরিবহন, পর্যটন ও স্মারক পণ্য বিক্রিসহ বিভিন্ন খাতে ব্যয়ের মাধ্যমে ১৫ কোটি থেকে ২০ কোটি পেরুভিয়ান সলের অর্থনৈতিক কর্মকাণ্ড হতে পারে। ডলারে যার পরিমাণ আনুমানিক ৪ কোটি ৩৫ লাখ থেকে ৫ কোটি ৮০ লাখ।
হোটেলের সামনে ভিড় না করতে আরএমের অনুরোধ
লিমা সফরের আগে হোটেলের বাইরে ভিড় না করতে ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন বিটিএসের নেতা আরএম। বৃহস্পতিবার উইভার্সে দেওয়া তাঁর পোস্টে লাতিন আমেরিকার প্রসঙ্গ আসায় কিছু ভক্ত আপত্তি জানান। তাঁদের বক্তব্য, শিল্পীদের ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশের ঘটনা বিশ্বের অন্যান্য অঞ্চলও ঘটে।
শুক্রবার ভক্তদের সঙ্গে কথা বলার সময় বিষয়টি পরিষ্কার করেন আরএম। তিনি জানান, তাঁর বক্তব্য শুধু পেরু বা লাতিন আমেরিকাকে নিয়ে ছিল না।
আরএম বলেন, ‘গতকাল আমি যে পোস্ট লিখেছি, সেটি শুধু লাতিন আমেরিকা বা পেরুকে নিয়ে ছিল না। ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও এমন ঘটনা ঘটেছে। আসলে দীর্ঘদিন ধরেই এমনটা হচ্ছে। এশিয়াতেও এমন ঘটনা ঘটতে পারে।’
অনেক ভক্ত যে সদস্যদের ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধাশীল, তা স্বীকার করেন আরএম। তবে কিছু আচরণ সীমা ছাড়িয়ে যাচ্ছে বলেও জানান তিনি। উদাহরণ হিসেবে সদস্যদের হোটেলকক্ষের ওপর ড্রোন ওড়ানো এবং তাঁদের দিকে লেজার আলো তাক করার কথা উল্লেখ করেন।
ভক্তদের জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করে দেখারও বিরোধিতা করেন বিটিএস নেতা। আরএম বলেন, ‘আমরা কখনো মানুষকে জাতীয়তা বা মহাদেশের ভিত্তিতে আলাদা করেছি? আর্মি (বিটিএসের ভক্তদের নাম) এবং বিটিএসের পরিচয়ে আমরা সবাই একই মানুষ।’
সম্মানজনক আচরণ করেন এমন ভক্তের সংখ্যাই অনধিকার চর্চা করা ভক্তদের চেয়ে বেশি বলে বিশ্বাস করেন আরএম। পেরুর ভক্তদের ক্ষেত্রেও তাঁর এই বিশ্বাস প্রযোজ্য বলে জানান তিনি।
লিমা সফর শেষে বিটিএসের পরবর্তী গন্তব্য চিলির সান্তিয়াগো। ১৫ থেকে ১৭ অক্টোবর সেখানে কনসার্ট করবে দলটি। এরপর আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও ব্রাজিলের সাও পাওলোতে যাওয়ার কথা রয়েছে তাদের।
সূত্র: কোরিয়া হেরাল্ড














