Image

জল্পনার অবসান, ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই ভিনিসিয়াস জুনিয়র

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জল্পনার অবসান, ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই ভিনিসিয়াস জুনিয়র

জল্পনার অবসান, ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই ভিনিসিয়াস জুনিয়র

জল্পনার অবসান, ২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদেই ভিনিসিয়াস জুনিয়র

ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটল। রিয়াল মাদ্রিদের সঙ্গেই দীর্ঘমেয়াদি চুক্তিতে থাকছেন ব্রাজিলিয়ান এই তারকা। নতুন চুক্তি অনুযায়ী, ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের জার্সিতেই দেখা যাবে তাকে।

সম্প্রতি ভিনিসিয়াসকে নিয়ে দলবদলের বাজারে বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে ইংলিশ ক্লাব আর্সেনালে তার সম্ভাব্য যোগদানের খবর আলোচনায় আসে। এর অন্যতম কারণ ছিল রিয়ালের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি থাকা।

তবে প্রায় ১৮ মাস ধরে চলা আলোচনার পর শেষ পর্যন্ত দুই পক্ষ নতুন চুক্তিতে পৌঁছেছে। এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ভিনিসিয়াসের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে সমঝোতা হয়েছে। ফলে ২০৩২ সালের জুন পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

২০১৮ সালে ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস। স্প্যানিশ ফুটবলে শুরুটা খুব সহজ ছিল না। নতুন পরিবেশ ও ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে তাকে সময় নিতে হয়। তবে ধীরে ধীরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি।

রিয়ালের হয়ে এখন পর্যন্ত ৩৭৫ ম্যাচে মাঠে নেমে ১২৮ গোল করেছেন ভিনিসিয়াস। পাশাপাশি তার নামের পাশে রয়েছে ১০০টি অ্যাসিস্ট। ক্লাবটির হয়ে তিনি জিতেছেন দুটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা ও একটি কোপা দেল রে শিরোপা।

বিশ্বকাপ শেষে গত সোমবার প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যোগ দেন ভিনিসিয়াস। একই সঙ্গে সম্পন্ন করেন মেডিক্যাল পরীক্ষাও। এর পরপরই আসে তার নতুন চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

ভিনিসিয়াসের চুক্তি নবায়নের দিনেই দলবদলের বাজারে আরেকটি বড় চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। জার্মান ক্লাব লাইপজিগ থেকে আইভরিকোস্টের তরুণ উইঙ্গার ইয়ান দিওমান্দেকে দলে ভিড়িয়েছে তারা। এই ট্রান্সফারের সম্ভাব্য মূল্য প্রায় দুই হাজার কোটি টাকা বলে জানা গেছে।

নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি মৌসুমে এটি রিয়াল মাদ্রিদের ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

এর পাশাপাশি ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার রদ্রিকে দলে আনার চেষ্টাও চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে তাকে পাওয়ার দৌড়ে স্প্যানিশ ক্লাবটির বড় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। টানা হতাশাজনক দুটি মৌসুমের পর দলকে নতুন করে শক্তিশালী করতে মরিয়া রিয়াল, আর ভিনিসিয়াসের চুক্তি নবায়ন সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ অংশ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three