অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে

অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে
অস্ট্রেলিয়া বোলারদের হতাশা এতটাই বেড়ে গিয়েছিল, স্টার্ক পর্যন্ত মেজাজ হারিয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে জড়িয়ে পড়লেন বাদানুবাদে
মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডদের মতো বিশ্বসেরা পেসারদের হতাশ করে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিনের শেষভাগে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় অস্ট্রেলিয়ার বোলারদের হতাশা এতটাই বেড়ে যায় যে, মিরাজের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন স্টার্ক। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত এগিয়ে আসতে হয় আম্পায়ার কুমারা ধর্মসেনাকে।
ঘটনার শুরু স্টার্কের করা ২১তম ওভারের পঞ্চম বলে। পয়েন্টে বল ঠেলে দিয়ে রান নিতে ছুটছিলেন মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলারদের মতো ব্যাটসম্যানদেরও দৌড়ানোর সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়।
দৌড় শুরু করার সময় স্টার্কের দিকে তাকিয়েছিলেন মিরাজ। এরপর বলের দিকে চোখ ফেরানোর পর সামনে কী আছে, তা আর খেয়াল করতে পারেননি। পরে যখন আবার সামনে তাকান, তখন স্টার্কের প্রায় মুখোমুখি হয়ে গেছেন। ঘুরে যাওয়ার বদলে পিচের মাঝ দিয়েই দৌড়ে যান বাংলাদেশের এই অলরাউন্ডার।
বিষয়টি আম্পায়ার ধর্মসেনার চোখ এড়ায়নি। রান সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মিরাজের কাছে গিয়ে সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর ব্যাপারে সতর্ক করেন। মিরাজও সঙ্গে সঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, বলের দিকে তাকিয়ে থাকায় সামনে কী আছে, সেটি তিনি বুঝতে পারেননি।
এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মিরাজকে ইঙ্গিত করে স্টার্ক বলেন, ওই জায়গাটি তাঁর ফলো-থ্রুর অংশ এবং মিরাজকে উইকেট ছেড়ে সরে যেতে হবে। জবাবে মিরাজ জানান, বলের দিকে তাকিয়ে থাকার কারণে তিনি সামনে স্টার্ককে দেখতে পাননি।
নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে মিরাজের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু আর বাংলাদেশে নেই এখন, বুঝেছ?’
তবে চ্যানেল সেভেনের ধারাভাষ্যে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং মিরাজের পক্ষেই কথা বলেছেন। তাঁর মতে, ঘটনাটি ইচ্ছাকৃত ছিল না। বলের দিকে তাকিয়ে থাকার পর সামনে স্টার্ককে দেখতে পেয়ে মিরাজের কাছে পিচের মাঝ দিয়ে দৌড়ানোই তখন সহজ মনে হয়েছিল।
ধারাভাষ্যকার অ্যালিস্টার নিকলসনও মনে করেন, মাঠে দীর্ঘ ও কঠিন একটি দিন কাটানোর পর অস্ট্রেলিয়ার বোলারদের হতাশাই এই উত্তপ্ত পরিস্থিতির পেছনে কাজ করেছে।
স্টার্কের হতাশ হওয়ার কারণও ছিল যথেষ্ট। নতুন বলে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে শুরুতেই ৩ উইকেটের ধাক্কা দিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু দিনের শেষভাগে মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে ম্যাচের নিয়ন্ত্রণ ক্রমেই বাংলাদেশের হাতে চলে যায়।
দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানের লিড নিয়েছে সফরকারীরা, হাতে রয়েছে আরও ৪ উইকেট। মিরাজ ৩২ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে উইকেটে থাকা হাসান মাহমুদ অপরাজিত ১৩ রানে। প্রথম দিনে ৬ উইকেট নেওয়া হাসানের এই ব্যাটিং প্রতিরোধেই এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।















