Image

লিওনেল মেসি যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে কোহলি ও রোহিত কেন পারবেন না?

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 47 মিনিট আগে
লিওনেল মেসি যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে কোহলি ও রোহিত কেন পারবেন না?

লিওনেল মেসি যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে কোহলি ও রোহিত কেন পারবেন না?

লিওনেল মেসি যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে কোহলি ও রোহিত কেন পারবেন না?

বয়স ৩৫ পেরিয়েছে, তবু ব্যাট হাতে এখনও দারুণ ছন্দে বিরাট কোহলি ও রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া ভারতের এই দুই সাবেক অধিনায়ক এখন মনোযোগ দিচ্ছেন শুধু ওয়ানডেতে। লক্ষ্যও স্পষ্ট—২০২৭ সালে আফ্রিকার মাটিতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে আরেকটি বড় অর্জন যোগ করা।

তবে বয়স ও ভারতীয় দলের চলমান পরিবর্তনের কারণে বিশ্বকাপে কোহলি-রোহিতের অংশগ্রহণ নিয়ে আলোচনা থামছে না। এমন পরিস্থিতিতে দুই অভিজ্ঞ তারকার পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। শুধু সমর্থনই নয়, কোহলি ও রোহিতের প্রসঙ্গে তিনি টেনে এনেছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির উদাহরণ।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজনের যুক্তি, মেসি যদি প্রায় ৪০ বছর বয়সেও সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারেন, তাহলে কোহলি-রোহিতের ক্ষেত্রেও বয়সকে বাধা হিসেবে দেখা উচিত নয়।

হরভজন বলেন, ‘লিওনেল মেসি যদি খেলা চালিয়ে যেতে পারেন, তাহলে কোহলি ও রোহিত কেন পারবেন না? খেলোয়াড় যেই হোক না কেন, আমার মতে বয়স নয়, পারফরম্যান্স বা নৈপুণ্যই হওয়া উচিত মূল মাপকাঠি।’

কোহলির উদাহরণ টেনে নিজের অবস্থান আরও পরিষ্কার করেন ভারতের সাবেক এই স্পিনার। তাঁর মতে, কোনো ক্রিকেটার যদি বয়স বাড়ার পরও তরুণদের ছাড়িয়ে পারফর্ম করতে পারেন, তাহলে তাঁর বয়স নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নেই।

হরভজন বলেন, ‘বিরাট হয়তো ৩৯ বছর বয়সি, কিন্তু সে যদি মাঠে এখনও ওই ২০ বছরের তরুণদের পেছনে ফেলে দেয়, তবে তার বয়স কোনো ব্যাপারই না। লিওনেল মেসির দিকে তাকান। ৪০-এর কাছাকাছি বয়সেও পাঁচজন মিলে তাকে আটকাতে ব্যর্থ হয়।’

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে কোহলির প্রভাবেরও প্রশংসা করেছেন হরভজন। তাঁর মতে, ২০১৪-১৫ সালে অধিনায়কত্ব পাওয়ার পর কোহলি দলের মানসিকতায় বড় পরিবর্তন আনেন। ড্রেসিংরুমে এমন একটি বিশ্বাস তৈরি করেছিলেন যে, কঠিন বলে মনে হওয়া লক্ষ্যও অর্জন করা সম্ভব।

হরভজনের ভাষায়, ‘২০১৪-১৫ সালে বিরাট কোহলি যখন অধিনায়ক হন, তখন থেকেই এই পরিবর্তনটা প্রথম আসে। এর আগে আমরা কখনো ভাবতেই পারতাম না যে শেষ দিনে ৪০০ রান তাড়া করে জেতা সম্ভব।’

জাতীয় দলের হয়ে এখন শুধু ওয়ানডে খেলছেন কোহলি ও রোহিত। সর্বশেষ ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একই ম্যাচে মাঠে নেমেছিলেন দুজন। কোহলি করেছিলেন ৭৪ রান, আর রোহিত খেলেছিলেন ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস।

এই বয়সেও যদি দুজন এমন পারফরম্যান্স ধরে রাখতে পারেন, তাহলে ২০২৭ বিশ্বকাপে ভারতের হয়ে তাদের খেলা অসম্ভব নয়—হরভজনের বক্তব্যে সেই বিশ্বাসই স্পষ্ট। এখন সময়ই বলে দেবে, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ভারতের ট্রফি জয়ের মিশনে কোহলি-রোহিতকে দেখা যাবে কি না।

Details Bottom
Details ad One
Details Two
Details Three