শিরোপা জয়ের হুঙ্কার এমবাপের, ‘এবার রিয়ালকে জিততেই হবে’

শিরোপা জয়ের হুঙ্কার এমবাপের, ‘এবার রিয়ালকে জিততেই হবে’
শিরোপা জয়ের হুঙ্কার এমবাপের, ‘এবার রিয়ালকে জিততেই হবে’
টানা দুই মৌসুম শিরোপাহীন থাকার হতাশা ভুলে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া রিয়াল মাদ্রিদ। লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরুর আগে সমর্থকদের বড় আশ্বাস দিয়েছেন দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। ফরাসি তারকার বিশ্বাস, দলের মধ্যে এবার যে জয়ের ক্ষুধা দেখা যাচ্ছে, সেটিই রিয়ালকে আবারও ট্রফির মঞ্চে ফিরিয়ে নেবে।
২২ আগস্ট বাংলাদেশ সময় রাত দেড়টায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লা লিগা মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ। তার আগে ক্লাবের অফিসিয়াল চ্যানেলে নিজের প্রস্তুতি, দলের লক্ষ্য এবং কোচ হোসে মরিনিওকে নিয়ে কথা বলেছেন এমবাপে।
প্রস্তুতি নিয়ে এমবাপে বলেন, ম্যাচ শুরুর আগে শরীরকে সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত করাই এখন মূল লক্ষ্য। তাঁর মতে, এই সময়টাতেই সবচেয়ে বেশি পরিশ্রম করে লিগের প্রথম ম্যাচের জন্য নিজেদের তৈরি করে নিতে হবে।
নতুন কোচ হোসে মরিনিওর প্রশংসাও করেছেন এমবাপে। তিনি বলেন, বিশ্বকাপের সময় এবং সাম্প্রতিক দিনগুলোতে মরিনিওর সঙ্গে তাঁর অনেক কথা হয়েছে। অভিজ্ঞ এই কোচ কীভাবে জিততে হয় এবং দলকে সাফল্যের পথে নিয়ে যেতে হয়, তা ভালোভাবেই জানেন বলেও মন্তব্য করেন তিনি।
দুই মৌসুম ট্রফি না জেতার পর এবার নিজেদের লক্ষ্য নিয়েও স্পষ্ট এমবাপে। তিনি বলেন, ‘আমাদের জিততেই হবে। আমি নিশ্চিত, এবার আমরা আবার শিরোপা জিতব।’
দলের ভেতর জয়ের জন্য প্রয়োজনীয় ক্ষুধা দেখতে পাচ্ছেন বলেও জানান এই ফরাসি তারকা। পুরো মৌসুম মনোযোগ ধরে রেখে রিয়াল সমর্থকদের আনন্দ দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
রিয়ালের হয়ে নিজের প্রথম গোলের স্মৃতিও ফিরে দেখেছেন এমবাপে। দুই বছর আগে আজকের দিনেই ইউরোপিয়ান সুপার কাপের ফাইনালে আটালান্টার বিপক্ষে গোল করে রিয়ালের জার্সিতে গোলের খাতা খুলেছিলেন তিনি। সেই মুহূর্তকে বিশেষ আখ্যা দিয়ে এমবাপে বলেন, নতুন দলের হয়ে প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ণ। আর দলটি যখন রিয়াল মাদ্রিদ এবং ম্যাচটি যখন ফাইনাল, তখন সেই অনুভূতি আরও বিশেষ হয়ে ওঠে।
রিয়ালে খেলার স্বপ্ন এখনো প্রতিদিন উপভোগ করেন বলেও জানিয়েছেন এমবাপে। তাঁর ভাষায়, ক্লাবটিতে আসা ছিল স্বপ্নের মতো এবং প্রতিদিন এখানে থাকার সুযোগ পাওয়াও তাঁর কাছে একইভাবে বিশেষ। তবে স্বপ্ন উপভোগের পাশাপাশি এখন তাঁর একমাত্র লক্ষ্য—রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জেতা।
সমর্থকদের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছেন এমবাপে। গত দুই বছরে তাঁদের অবিচল সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এবারের মৌসুম আরও গুরুত্বপূর্ণ। দল প্রস্তুত এবং একসঙ্গে দারুণ কিছু অর্জনের ব্যাপারে তাঁরা আত্মবিশ্বাসী।
নতুন মৌসুমে তাই রিয়াল মাদ্রিদের লক্ষ্য শুধু ঘুরে দাঁড়ানো নয়—এমবাপের কথায়, এবার লক্ষ্য সরাসরি শিরোপা জয়।













