আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের, অপূর্ণ থাকল MCG-তে বিদায়ের স্বপ্ন
- 1
এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের?
- 2
৩২৬ রান তাড়া, ৯ বছর পর ট্রফি—পাকিস্তানের যত রেকর্ড
- 3
উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক
- 4
‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ
- 5
পেটে খাবার ছিল না, পায়ে জুতা ছিল না—সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের, অপূর্ণ থাকল MCG-তে বিদায়ের স্বপ্ন
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ম্যাক্সওয়েলের, অপূর্ণ থাকল MCG-তে বিদায়ের স্বপ্ন
ক্যারিয়ারের শেষটা হয়তো আরও একটু রঙিন হতে পারত। প্রিয় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দেশের জার্সিতে শেষবারের মতো মাঠে নামার স্বপ্নও ছিল। কিন্তু সব স্বপ্ন তো আর পূরণ হয় না।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার টি-টোয়েন্টি আন্তর্জাতিকের পাশাপাশি প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট থেকেও সরে দাঁড়িয়েছেন। তবে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে তাঁকে দেখা যাবে।
গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ম্যাক্সওয়েল। এরপর টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাওয়ার দরজা খোলা রেখেছিলেন। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই শেষ পর্যন্ত দেশের হয়ে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল। ওই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও অফস্পিনে ৩ ওভারে ১৩ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট।
সিদ্ধান্তটা কীভাবে এল?
‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে তাঁর ভবিষ্যৎ নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে। তবে তাঁর ওপর অবসর নেওয়ার কোনো চাপ ছিল না।
ম্যাক্সওয়েল বলেন, সামনে কয়েকটি সিরিজে অস্ট্রেলিয়া ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে চেয়েছিল। বাংলাদেশ সফরেও তিনি সেটার প্রতিফলন দেখেছেন—তরুণরা সুযোগ পেয়ে ভালো পারফর্ম করেছে।
সেই পরিবর্তনের ধারাটিই শেষ পর্যন্ত ম্যাক্সওয়েলকে বুঝিয়েছে, এবার সরে দাঁড়ানোর সময় হয়েছে।
অপূর্ণ থাকল MCG-তে শেষ ম্যাচের স্বপ্ন
বিদায়ের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার জার্সিতে শেষবার মাঠে নামার ছোট্ট একটা আশা ছিল তাঁর। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মেলবোর্নে ম্যাচ থাকায় সেই সম্ভাবনাও তৈরি হয়েছিল।
কিন্তু অস্ট্রেলিয়া এখন সামনে তাকিয়ে তরুণদের সুযোগ দিতে চাইছে। ২০২৮ অলিম্পিক সামনে রেখে আগামী এক-দুই বছরে দলে আরও পরিবর্তন আসবে—এটা বুঝতে পেরেছেন ম্যাক্সওয়েলও। তাই বিদায়ী ম্যাচের স্বপ্ন অপূর্ণ থাকলেও দলের পরিকল্পনাকে সম্মান করছেন তিনি।
শরীরের দিকটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাঁটুর সমস্যা সামলে সামনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য নিজেকে প্রস্তুত করতে চান তিনি। তাই জাতীয় দলের সম্ভাব্য বিদায়ী ম্যাচের চেয়ে শরীরকে আরও কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের উপযোগী রাখাকেই গুরুত্ব দিয়েছেন।
১৩০ টি-টোয়েন্টিতে ২,৮৯৭ রান
অস্ট্রেলিয়ার হয়ে ১৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন ম্যাক্সওয়েল। করেছেন ২,৮৯৭ রান, স্ট্রাইক রেট ১৫৪.৪২। বল হাতে নিয়েছেন ৫১ উইকেট। পাঁচটি টি-টোয়েন্টি সেঞ্চুরি করে ভারতের রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে এই সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তাঁর। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে তাঁর রানসংখ্যা তৃতীয় সর্বোচ্চ।
তিনটি বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন ম্যাক্সওয়েল। ২০১৫ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্য হওয়ার পাশাপাশি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। ২০২১ সালের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়সূচক রানও এসেছিল তাঁর ব্যাট থেকে।
তবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়গুলোর একটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৯১ রানে ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে প্রায় একাই ম্যাচে ফিরিয়ে এনে ১২৮ বলে অপরাজিত ২০১ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন ম্যাক্সওয়েল। শারীরিক যন্ত্রণার মধ্যেও সেই ইনিংস আজও ওয়ানডে ক্রিকেটের অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়।
এবার শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেট ও রাজ্য দলের লিস্ট ‘এ’ এবং প্রথম শ্রেণির ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও পুরোপুরি ব্যাট-প্যাড তুলে রাখছেন না ম্যাক্সওয়েল।
মেলবোর্ন স্টার্সের সঙ্গে তাঁর চুক্তি ২০২৭-২৮ মৌসুমের শেষ পর্যন্ত রয়েছে। ফলে বিগ ব্যাশ লিগসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ‘দ্য বিগ শো’-এর বিস্ফোরক ব্যাটিং ও কার্যকর অফস্পিন আরও কিছুদিন দেখা যাবে।
দেশের হয়ে তাঁর শেষ ম্যাচটি হয়তো MCG-তে হয়নি। বিদায়টাও তাই হলো কিছুটা নীরব। কিন্তু ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি বিশ্বকাপ, ৭,০০০-এর বেশি রান, ১৩৬ আন্তর্জাতিক উইকেট এবং অসংখ্য অবিশ্বাস্য মুহূর্ত রেখে যাচ্ছেন ম্যাক্সওয়েল।
বিদায়, ‘দ্য বিগ শো’। তবে পুরোপুরি নয়—ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখনও বাকি আছে তাঁর আরও কিছু শো।














