মেসি–এমবাপ্পে–ইয়ামাল–কেইন, ব্যালন ডি’অরে সাবেকদের ফেবারিট কে?

মেসি–এমবাপ্পে–ইয়ামাল–কেইন, ব্যালন ডি’অরে সাবেকদের ফেবারিট কে?
মেসি–এমবাপ্পে–ইয়ামাল–কেইন, ব্যালন ডি’অরে সাবেকদের ফেবারিট কে?
২০২৬ সালের ব্যালন ডি’অরের ভোট হয়ে গেছে। তবে ফল প্রকাশের আগে সাবেক তারকা ও ফুটবলের পরিচিত মুখদের পছন্দের খেলোয়াড়ের নাম সামনে আসায় জমে উঠেছে এবারের লড়াই। কেউ কিলিয়ান এমবাপ্পের পক্ষে, কেউ লামিনে ইয়ামালের, আবার কেউ হ্যারি কেইন কিংবা লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন।
এবারের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় এমবাপ্পে, ইয়ামাল, কেইন ও মেসির পাশাপাশি আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে, মাইকেল ওলিসে, রদ্রি, ভিনিসিয়ুস জুনিয়রসহ আরও অনেকে। তবে সাবেক তারকাদের সমর্থনের দিক থেকে সবচেয়ে বেশি আলোচনায় এই চারজন।
এমবাপ্পের পক্ষে অঁরি–কার্লোস
কিলিয়ান এমবাপ্পের পক্ষে সবচেয়ে জোরালো সমর্থন এসেছে থিয়েরি অঁরির কাছ থেকে। সাবেক ফরাসি ফরোয়ার্ডের ব্যক্তিগত পছন্দ এমবাপ্পে। তাঁর যুক্তি, গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও বিশ্বকাপে ফরাসি ফরোয়ার্ড ছিলেন সর্বোচ্চ গোলদাতা।
অঁরির দ্বিতীয় পছন্দও ফ্রান্সের—মাইকেল ওলিসে। অন্যদিকে লামিনে ইয়ামালকে খুব একটা এগিয়ে রাখছেন না তিনি। বিশ্বকাপে চোটের কারণে ইয়ামাল নিজের সেরা ছন্দে থাকতে পারেননি—এ বিষয়টিকে তাঁর বিপক্ষে দেখছেন অঁরি।
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোসও সরাসরি এমবাপ্পের নাম বলেছেন। পর্তুগালের এক অনুষ্ঠানে পছন্দের খেলোয়াড়ের নাম জানতে চাওয়া হলে তাঁর উত্তর ছিল, ‘কিলিয়ান এমবাপ্পে।’
ফ্রান্সের সাবেক ডিফেন্ডার ও বার্সেলোনার সাবেক ফুটবলার স্যামুয়েল উমতিতিও ভোট দেওয়ার সুযোগ পেলে এমবাপ্পেকেই বেছে নেবেন। তাঁর মতে, ক্লাব ও জাতীয় দলের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন এমবাপ্পে এবং গোলও করেছেন প্রচুর।
২০০১ সালের ব্যালন ডি’অরজয়ী মাইকেল ওয়েনও মনে করেন, এমবাপ্পের জয়ের বড় সুযোগ রয়েছে। তাঁর ব্যক্তিগত পরিসংখ্যান ও বিশ্বকাপের পারফরম্যান্সকে বড় কারণ হিসেবে দেখছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড।
ইয়ামালের পক্ষে ইব্রাহিমোভিচ–ইতো
এমবাপ্পের বড় প্রতিদ্বন্দ্বী লামিনে ইয়ামালের পক্ষে আছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। নিউইয়র্কের এক অনুষ্ঠানে ইএসপিএনের প্রশ্নের জবাবে সাবেক সুইডিশ তারকা জানিয়েছেন, তিনি ব্যালন ডি’অর ইয়ামালের হাতে দেখতে চান। এর আগে কেভিন হার্টের ‘কোল্ড এজ বলস’ অনুষ্ঠানেও বর্তমান প্রজন্মের পছন্দের খেলোয়াড় হিসেবে ইয়ামালের নাম বলেছিলেন ইব্রাহিমোভিচ।
গতবার ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হওয়া ইয়ামালকে এবারও বড় দাবিদার মনে করছেন ক্যামেরুনের কিংবদন্তি স্যামুয়েল ইতো। বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামালকে ‘আমাদের হৃদয়ের ব্যালন ডি’অর’ বলে শুভকামনা জানিয়েছেন।
২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনা ও স্পেনের হয়ে ৫৭ ম্যাচে ২৫ গোল ও ২০ অ্যাসিস্ট করেছেন ইয়ামাল।
কেইনের পক্ষে ইংল্যান্ডের সাবেকরা
হ্যারি কেইনের পক্ষেও সাবেক তারকাদের সমর্থন রয়েছে। রিও ফার্ডিন্যান্ড তো প্রায় প্রশ্নই তুলেছেন—কেইন ছাড়া আর কে?
ইউরোপিয়ান গোল্ডেন শু জেতার পর এক ভিডিও বার্তায় কেইনের ৭৩ গোল এবং বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হওয়ার বিষয়টি তুলে ধরে ফার্ডিন্যান্ড বলেছেন, ব্যালন ডি’অর কেইনেরই পাওয়া উচিত।
কেইনের পক্ষে আছেন জার্মান কিংবদন্তি ইয়ুর্গেন ক্লিন্সমানও। ১৯৯৫ সালের ব্যালন ডি’অরে রানার্সআপ হওয়া সাবেক এই স্ট্রাইকার বলেছেন, ভোট দেওয়ার সুযোগ থাকলে তাঁর পছন্দ কেইন।
১৯৯০ সালের ব্যালন ডি’অরজয়ী লোথার ম্যাথাউসও কেইনকে ফেবারিট মনে করছেন। বায়ার্ন মিউনিখের জার্মান ডাবল জয়ে কেইনের গোলের রেকর্ড, ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালে ওঠা এবং ফুটবলে তাঁর ভূমিকা—এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছেন ম্যাথাউস।
ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক উগো লরিসও কেইনের পক্ষে। টটেনহ্যামে কেইনের সতীর্থ ছিলেন তিনি। রিও ফার্ডিন্যান্ডের অনুষ্ঠানে লরিসও বলেছেন, কেইনের ব্যালন ডি’অর জেতার সুযোগ রয়েছে।
২০২৫–২৬ মৌসুমে ক্লাব ও দেশের হয়ে কেইন করেছেন ৭৩ গোল, যা ইউরোপীয় ক্লাব ফুটবলের এক মৌসুমে লিওনেল মেসির ৮২ গোলের পর দ্বিতীয় সর্বোচ্চ।
মেসির পক্ষে বেকহাম–চেক
৩৯ বছর বয়সেও লিওনেল মেসিকে ব্যালন ডি’অরের আলোচনার বাইরে রাখা হচ্ছে না। বরং তাঁর পক্ষে সরব হয়েছেন ডেভিড বেকহাম। ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ তারকার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের পর তাঁর নবম ব্যালন ডি’অর জেতা উচিত।
মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপের ফাইনালে খেলেছে আর্জেন্টিনা। ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করা আটবারের ব্যালন ডি’অরজয়ীকেও এবার দাবিদার মনে করছেন পিওতর চেক। চেক প্রজাতন্ত্রের সাবেক গোলকিপার বলেছেন, মেসির ভালো সুযোগ রয়েছে।
শেষ পর্যন্ত সাবেক তারকারা যাঁর পক্ষেই থাকুন না কেন, ব্যালন ডি’অরের বিজয়ী নির্ধারণ করবে ১০০ জন সাংবাদিকের ভোট। ফল প্রকাশ হবে ২৬ অক্টোবর লন্ডনে।
তার আগে সাবেক তারকাদের পছন্দের তালিকা অন্তত একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে—২০২৬ ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি, এমবাপ্পে, ইয়ামাল ও কেইনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে।











