মেসির ১০ নম্বর জার্সি অবসর নিতে দিচ্ছে না ফিফার নিয়ম

মেসির ১০ নম্বর জার্সি অবসর নিতে দিচ্ছে না ফিফার নিয়ম
মেসির ১০ নম্বর জার্সি অবসর নিতে দিচ্ছে না ফিফার নিয়ম
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির যুগ শেষের পথে। কিন্তু তাঁর সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহাসিক ১০ নম্বর জার্সির যাত্রা থামছে না। মেসির অসামান্য অবদানকে সম্মান জানিয়ে জার্সিটি চিরতরে তুলে রাখার পরিকল্পনা করেছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে ফিফার নিয়মের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।
২০০৯ সাল থেকে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে একের পর এক ইতিহাস লিখেছেন মেসি। তাঁর নেতৃত্বে আলবিসেলেস্তেরা জিতেছে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপা। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে মেসি বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন বলে জানানো হয়েছে।
মেসির বিদায়ের পর তাঁর প্রতি সম্মান জানাতে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি আর কাউকে না দেওয়ার পরিকল্পনা করেছিলেন এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া। ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতোর বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মেসির অবদানকে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ নেওয়ার কথা ভাবা হয়েছিল।
কিন্তু আন্তর্জাতিক ফুটবলের নিয়মই সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকার মতো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলোকে ১ থেকে ২৬ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে জার্সি নম্বর বরাদ্দ করতে হয়। ফলে কোনো একটি নম্বর, এমনকি ১০ নম্বরও, স্থায়ীভাবে বাদ দেওয়া বা খালি রাখা সম্ভব নয়।
কিছু প্রীতি ম্যাচে অবশ্য নিয়মের ভিন্নতা থাকতে পারে। তবে ফিফার আওতাধীন অফিসিয়াল প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে আর্জেন্টিনার স্কোয়াডে ১০ নম্বর জার্সি কোনো না কোনো খেলোয়াড়কে পরতেই হবে।
অর্থাৎ মেসি জাতীয় দল থেকে বিদায় নিলেও তাঁর পর নতুন কোনো আর্জেন্টাইন তারকার গায়ে দেখা যাবে সেই বিখ্যাত ১০ নম্বর। ২০৩০ বিশ্বকাপ কিংবা ভবিষ্যতের কোপা আমেরিকায় মেসির রেখে যাওয়া এই জার্সির উত্তরাধিকার বহন করবেন নতুন কেউ।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা নামলেও তাই আর্জেন্টিনার ১০ নম্বরের গল্প শেষ হচ্ছে না। বরং নতুন অধ্যায়ে প্রবেশ করবে ফুটবলের অন্যতম ঐতিহাসিক এই জার্সি।











