আজ স্পেনের মাটিতে নামছে পিএসজি, সতর্ক এনরিকে
- 1
উইকেটে ঘাস থাকুক বা না থাকুক, বোলারদের আতঙ্কের নাম এখন অভিষেক
- 2
এমন হারের দায় কি শুধুই নাজমুল–লিটনদের?
- 3
৩২৬ রান তাড়া, ৯ বছর পর ট্রফি—পাকিস্তানের যত রেকর্ড
- 4
‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ
- 5
পেটে খাবার ছিল না, পায়ে জুতা ছিল না—সেই ছেলে আজ রিয়াল মাদ্রিদের তারকা

আজ স্পেনের মাটিতে নামছে পিএসজি, সতর্ক এনরিকে
আজ স্পেনের মাটিতে নামছে পিএসজি, সতর্ক এনরিকে
চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত দুর্দান্ত ছন্দে ছুটছে পিএসজি। শুরুতেই স্লোভান ব্রাতিস্লাভাকে ৬–০ গোলে উড়িয়ে দেওয়ার পর ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনার মতো দুই ইউরোপিয়ান পরাশক্তির বিপক্ষেও পেয়েছে ৪–০ গোলের জয়। টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে লিগ পর্বের শীর্ষ সারিতে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে এই দাপুটে শুরু যেন আত্মতুষ্টিতে পরিণত না হয়, সেটিই এখন লুইস এনরিকের সবচেয়ে বড় সতর্কবার্তা। আজ মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচে স্পেনের লা সেরামিকায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে পিএসজি। ম্যাচ শুরু রাত ৯টা ইউরোপীয় সময়।
‘আগের ফলের কোনো মূল্য নেই’
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এনরিকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ম্যানচেস্টার সিটি কিংবা বার্সেলোনার বিপক্ষে পাওয়া জয় দিয়ে ভিয়ারিয়াল ম্যাচ জেতা যাবে না।
পিএসজি কোচ বলেন, আগের ফলের ওপর নির্ভর করে যদি কেউ ধরে নেয় যে আগামী ম্যাচও তারা জিতে যাবে, তাহলে সেটি হবে বড় ভুল। জয় পেতে হলে পুরো ম্যাচজুড়ে উচ্চাকাঙ্ক্ষা, মানসম্মত ফুটবল এবং দৌড়ানোর মানসিকতা ধরে রাখতে হবে।
এনরিকের কথায়, ‘অতীতের ম্যাচের ফল আগামীকালের ম্যাচে কোনো কাজে আসবে না। শুরু থেকেই আমাদের দেখাতে হবে যে আমরা জয়ের জন্য প্রস্তুত।’
শুধু প্রতিপক্ষের নাম দেখে নয়, মাঠের পারফরম্যান্স দিয়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে—এটাই তাঁর বার্তার মূল কথা।
ভিয়ারিয়ালকে হালকা করে দেখছেন না এনরিকে
চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়ালের শুরুটা পিএসজির মতো নিখুঁত নয়। তিন ম্যাচে দুটি হার তাদের অবস্থানকে কঠিন করেছে। তবে এনরিকে মনে করেন, ফলাফল দিয়ে দলটির প্রকৃত শক্তি বিচার করা ঠিক হবে না।
স্প্যানিশ কোচ বিশেষ করে ভিয়ারিয়ালের তরুণ কোচ ইনিগো পেরেজের প্রশংসা করেছেন। তাঁর মতে, পেরেজ এমন একজন কোচ, যিনি বল দখল রেখে খেলতে পছন্দ করেন এবং দলকে একটি পরিষ্কার ফুটবল-পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। লিভারপুলের বিপক্ষে ভিয়ারিয়াল ভালো খেলেও প্রত্যাশিত ফল পায়নি বলেও উল্লেখ করেছেন তিনি।
এনরিকে বলেন, ভিয়ারিয়ালের বর্তমান প্রকল্প এখনো শুরুর পর্যায়ে থাকলেও ইতিবাচক অনেক কিছুই দেখা যাচ্ছে। তাই নিজেদের সেরা অবস্থায় না থাকলে পিএসজির জন্য ম্যাচটি কঠিন হয়ে উঠতে পারে।
পেরেজের চোখে বড় পরীক্ষা
অন্যদিকে ঘরের মাঠে পিএসজিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ভিয়ারিয়ালও। কোচ ইনিগো পেরেজের কাছে এই ম্যাচ শুধু তিন পয়েন্টের লড়াই নয়; বরং তাঁর দলের উন্নতি যাচাইয়ের বড় সুযোগ।
ভিয়ারিয়াল কোচ বলেছেন, পিএসজির মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা তাঁদের নিজেদের কৌশল ও দলীয় উন্নতির ওপর বিশ্বাস আরও শক্ত করার সুযোগ তৈরি করে। নিজেদের সাম্প্রতিক হতাশা পেছনে ফেলে দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ম্যাচটি ঘিরে যথেষ্ট উৎসাহ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
পিএসজির মতো শক্তিশালী দলের বিপক্ষে ভিয়ারিয়ালের সবচেয়ে বড় পরীক্ষা হবে চাপ সামলে নিজেদের খেলাটা ধরে রাখা। আর পিএসজির জন্য চ্যালেঞ্জ হবে—আগের তিন ম্যাচের গোলবন্যা ভুলে আবার শূন্য থেকে শুরু করা।
কারণ এনরিকে জানেন, চ্যাম্পিয়নস লিগে একটা ভুল আত্মবিশ্বাসই কখনো কখনো পুরো ম্যাচের হিসাব বদলে দিতে পারে।
আজ স্পেনের মাটিতে তাই পিএসজির সামনে শুধু টানা চতুর্থ জয় নয়, নিজেদের চ্যাম্পিয়নস-মানসিকতার আরেকটি পরীক্ষা।











