Image

বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 46 মিনিট আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেওয়ার সময় এসেছে: ইয়ান বিশপ

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। তাঁর মতে, বাংলাদেশের ক্রিকেটের এই সাফল্য প্রাপ্য স্বীকৃতি পাওয়ার সময় এসেছে।

রোববার (১৬ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে বাংলাদেশের ৯ উইকেটের জয়ের প্রতিক্রিয়ায় ক্যারিবীয় কিংবদন্তি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট এবং দেশের মানুষের জন্য এটি সত্যিই এক ঐতিহাসিক অর্জন।’

বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতির প্রশংসা করে বিশপ মনে করেন, এবার দলটিকে যথাযথ সম্মান দেওয়ার সময় এসেছে। তিনি বলেন, ‘এখন তাদের প্রাপ্য সম্মানটুকু দেওয়ার সময় এসেছে—যে স্বীকৃতি এর আগে অনেকের কাছ থেকেই হয়তো যথেষ্ট মেলেনি।’

ডারউইনের জয়ে বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটারের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেছেন বিশপ। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করেছেন তিনি।

তবে তাঁর আলাদা নজর কেড়েছেন পেসার হাসান মাহমুদ। বিশপ বলেন, ‘এই জয়ে অনেকেরই গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসানসহ আরও অনেকে। তবে বিশেষভাবে হাসান মাহমুদের কথা বলতেই হয়। কয়েক বছর ধরেই তিনি দারুণ নিয়ন্ত্রিত লাইন-লেন্থে বোলিং করে আসছেন। তাঁর বোলিং অ্যাকশনও বেশ কার্যকর ও ছন্দময়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হাসান মাহমুদ ছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান নায়ক। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এই পেসার। তাঁর দুর্দান্ত বোলিং বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশের কোচ ফিল সিমন্স এবং তাঁর পুরো দলের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন বিশপ। তিনি বলেন, ‘ফিল সিমন্স এবং তাঁর পুরো দলের জন্যও দারুণ খুশি। সত্যিই অসাধারণ এক অর্জন বাংলাদেশের।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের এই জয় তাই শুধু দেশের ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেও প্রশংসা কুড়িয়েছে। ইয়ান বিশপের মতো সাবেক তারকার স্বীকৃতি সেই সাফল্যের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three